আজ পবিত্র বৌদ্ধ পূর্ণিমা। পবিত্র বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

তিনি এই পবিত্র দিনের তাৎপর্য তুলে ধরে বলেন, গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণের এই দিন মানবজাতির জন্য এক অনন্য তাৎপর্য বহন করে। তাঁর প্রচারিত অহিংসা, মৈত্রী, সহনশীলতা ও করুণার বাণী কেবল একটি ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং তা মানবমুক্তির এক চিরন্তন দিকনির্দেশনা।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব এবং বাংলাদেশের প্রেক্ষাপটে গৌতম বুদ্ধের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। রাজনৈতিক মতপার্থক্য, ক্ষমতার দ্বন্দ্ব ও পারস্পরিক অসহিষ্ণুতা আমাদের সামাজিক সংহতিকে বাধাগ্রস্ত করছে।

তিনি বলেন, ক্রোধ ও প্রতিহিংসা কখনো স্থায়ী সমাধান এনে দিতে পারে না; বরং তা সমাজে অশান্তি সৃষ্টি করে। রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক বিদ্বেষ নয়, সংযম, সহনশীলতা ও সমঝোতার চর্চা জরুরি। অতীতমুখী বিরোধ নয়, বরং বর্তমানের জনদুর্ভোগ লাঘব এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করা সময়ের দাবি।

তিনি আরও বলেন, উদারতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই পারে একটি শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে। সকল রাজনৈতিক শক্তির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার মনোভাব দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।

তিনি আশা প্রকাশ করেন, পবিত্র বৌদ্ধ পূর্ণিমার এই তাৎপর্যপূর্ণ দিনে সকল বিভেদ ও সংকীর্ণতা দূর করে দেশের মানুষ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে ঐক্যবদ্ধ হবে।

বার্তা প্রেরক

(শৌর্য দীপ্ত সূর্য)

প্রেস সেক্রেটারি

চেয়ারম্যান

জাতীয় পার্টি